নোয়খালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা বিএনপির নেতা জেহাদুল ইসলাম মুন্না। দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জেহাদুল ইসলাম মুন্না জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই সময় নির্বাচনে অংশ নিতে গিয়ে হামলা, মামলা ও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হওয়ার দাবি করেন তিনি।
এক সাক্ষাৎকারে জেহাদুল ইসলাম মুন্না বলেন, “বিগত সরকারের আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমি হামলা-মামলাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি। নির্বাচনের সময় আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। কেন্দ্র দখল ও ভোট কারচুপির মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে আমি মনে করি।”
তিনি আশা প্রকাশ করে বলেন, এবার একটি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নির্বাচিত হবে।
জেহাদুল ইসলাম মুন্না আরও বলেন, তিনি নির্বাচিত হলে পরকোট ইউনিয়নে বিদ্যমান অন্যায়, অপরাধ, সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, জুয়াসহ বিভিন্ন অপকর্ম প্রতিহত করতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করবেন।
তিনি বলেন, “সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মডেল পরকোট ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”