মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ।
ছাত্র রাজনীতি থেকে যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রামে নিজেকে সক্রিয় রাখছেন শফিউল বাশার বাবুল শেখ। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলায় আসামি হয়েছেন এবং কারাবরণসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।
এক সাক্ষাৎকারে শফিউল বাশার বাবুল শেখ বলেন, “দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থেকে আমি দলের মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দল যদি আমার দুঃসময়ের আন্দোলন-সংগ্রাম, জেল-হাজত ও একাধিক মামলার বিষয়গুলো মূল্যায়ন করে আমাকে প্রার্থী ঘোষণা করে, তাহলে জনগণের স্বার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে পরকোট ইউনিয়নকে শান্তিপূর্ণ, স্বনির্ভর ও উন্নয়নশীল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। পাশাপাশি সামাজিক অবক্ষয়, অনিয়ম ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাবুল শেখ আরও বলেন, “পরকোট ইউনিয়নের মানুষের কল্যাণে একটি সুন্দর সমাজ বিনির্মাণে নিজেকে উজাড় করে দিতে চাই। জনগণের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করব।”
পরিশেষে পরকোট ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও শুভকামনা কামনা করেছেন শফিউল বাশার বাবুল শেখ।