মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
সুখী, সমৃদ্ধ, উন্নয়নশীল ও সুশাসনভিত্তিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও চাটখিল উপজেলা যুবদলের নেতা শফিউল বাশার বাবুল শেখ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
শফিউল বাশার বাবুল শেখ বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে একজন জনপ্রতিনিধিকে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
তিনি বলেন, “আমি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, পরিশ্রম ও দলের প্রতি আমার আনুগত্যের মূল্যায়ন করে দলের শীর্ষ নেতৃবৃন্দ আমাকে মনোনয়ন দেবেন—এমন প্রত্যাশা করছি।”
মনোনয়ন পেয়ে নির্বাচনে বিজয়ী হলে পরকোট ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করার পাশাপাশি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
বাবুল শেখ বলেন, “পরকোট ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও জুয়ামুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। চুরি, ডাকাতিসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে ইউনিয়নে শান্তি, সাম্য, মৈত্রী ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে চেয়ারম্যানের পদকে ক্ষমতার নয়, সেবার পদ হিসেবে বিবেচনা করব। ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
পরকোট ইউনিয়নকে একটি সুখী, সমৃদ্ধ, উন্নয়নমুখী, মাদক-জুয়া ও দুর্নীতিমুক্ত জনপদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।