মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার ২ নং রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও সমাজসেবক মোহাম্মদ রাশেদ মির্জা। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
মোহাম্মদ রাশেদ মির্জা চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সাবেক ছাত্রদল নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানান। তিনি খোয়াজেরভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র দলের সঙ্গে দায়িত্বশীলভাবে সম্পৃক্ত ছিলেন বলেও উল্লেখ করেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের দাবি করেন তিনি।
এ ছাড়া ঢাকায় ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন রাশেদ মির্জা। নিজের এলাকার মানুষের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি অংশগ্রহণ করে আসছেন বলে জানা গেছে।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এক সাক্ষাৎকারে মোহাম্মদ রাশেদ মির্জা বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকার বিষয়গুলো বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিলে তিনি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে রামনারায়নপুর ইউনিয়নের মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করব। অবহেলিত মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার চেষ্টা করব। ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জোরদারের মাধ্যমে রামনারায়নপুর ইউনিয়নকে একটি সুখী-সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে দলীয় নেতাকর্মী ও রামনারায়নপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন মোহাম্মদ রাশেদ মির্জা।