মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
সবার জন্য সমান সুযোগ সৃষ্টি, মানবিক মর্যাদা নিশ্চিত এবং সুষম উন্নয়নের মাধ্যমে নোয়াখালীর চাটখিল উপজেলার ১ নম্বর সাহাপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. ওমর ফারুক।
মাদক, জুয়া ও সব ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যয় জানিয়েছেন তিনি। একই সঙ্গে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার কথাও জানান ওমর ফারুক।
মমিনপুর তরিক উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. নুর হোসেন মাস্টারের বড় ছেলে মো. ওমর ফারুক ঢাকার ফকিরাপুলের একজন ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি।
এক সাক্ষাৎকারে মো. ওমর ফারুক বলেন, “সাহাপুর ইউনিয়নের জনগণের পাশে থেকে অবহেলিত ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে চাই। ইউনিয়নের বিভিন্ন এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে একটি পরিপূর্ণ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ইউনিয়নের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে চাই। বিবাদ, ঝগড়া, অশান্তি ও হানাহানিমুক্ত একটি সুখী-সমৃদ্ধ বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
ওমর ফারুক আরও বলেন, “দল আমাকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সাহাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি। জনগণের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই।”
তিনি বলেন, উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।