নিজস্ব প্রতিনিধি
সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য সিলেট যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
দুদিনের সফরে সোমবার সিলেট সফরে আসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম। প্রেসিডিয়াম সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আসছে এই টিম। সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
সকাল ৭টা ৫০ মিনিটে বিমানে তাদের সিলেট পৌঁছার কথা। সকাল ৮টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তারা কর্মসূচি শুরু করবেন। সোমবার ও মঙ্গলবার তারা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ত্রাণ সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
সোমবার বেলা ১১টায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ২৪নং ওয়ার্ড তেররতন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন কেন্দ্রীয় নেতারা। বেলা ১২টায় সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৪২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ সহায়তা বিতরণ ও দুপুর ১টায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলামে ত্রাণ বিতরণ করবেন তারা।
সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়, রাত ৯টায় নগর ভবনের সভাকক্ষে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে প্রতিনিধিদল।
পরদিন মঙ্গলবার সকাল ৮টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ত্রাণ সহায়তা বিতরণের উদ্দেশে সিলেট সার্কিট হাউস থেকে যাত্রা করবে আওয়ামী লীগের প্রতিনিধিদল। সেখানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের উদ্যোগে সকাল ১০টায় তাহিরপুর সদরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদরের সদরঘাট, ১২টায় মঈনপুর ও সাড়ে ১২টায় রহমতপুরে ত্রাণ বিতরণ করা হবে।
মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল সাড়ে ৩টায় জগন্নাথপুর মরহুম আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ও বিকাল ৫টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি টুল প্লাজা পয়েন্টে ত্রাণ সহায়তা প্রদান করবেন তারা।
এরপর ৫টা ৪৫ মিনিটে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন এবং রাত ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।