নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধায় শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন গৃহবধূ। তাদের বাঁচাতে এগিয়ে যান কলেজছাত্র। এ সময় শিশুটি বেঁচে গেলেও নিহত হয়েছেন ওই গৃহবধূ ও কলেজছাত্র। তবে শিশু পুত্র আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের আদর্শ কলেজসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর আব্দুস সামাদ রোকন জানান, পারিবারিক কলহের জেরে পৌর এলাকার মাঝিপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম আজ সকালে তার এক বছরের শিশুপুত্র আবির হোসেনকে নিয়ে আত্মহত্যা করতে রেললাইনে যান। গাইবান্ধা রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আসতে থাকলে রাজিয়া তার শিশুপুত্রকে কোলে নিয়ে রেললাইনে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাদের দেখতে পেয়ে কলেজছাত্র জুবায়ের তাদের বাঁচাতে যায়। কোলের শিশু পুত্র আবিরকে রক্ষা করতে পারলেও ওই নারী ও জুবায়ের ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহত জুবায়ের সাঘাটা উপজেলার ভরতখালীর জাহিদুল ইসলামের ছেলে। তিনি এসকেএস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।