সাইফুল ইসলাম
সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ গণমাধ্যমে প্রথম বিজ্ঞপ্তি পাঠায়। সেখানে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এবং এ-সংক্রান্ত অভিযোগগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে।
এতে আরও বলা হয়েছিল, কোনো গ্রাহকের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, ভুক্তভোগীদের অভিযোগ বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও কি ‘অপপ্রচার’ হিসেবে বিবেচিত হবে? এমন ভাষা ব্যবহারেরও সমালোচনা করেন অনেকে।
সমালোচনার পর একই রাতে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ। নতুন বিজ্ঞপ্তিতে আগের অধিকাংশ বক্তব্য বহাল থাকলেও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারিসংবলিত অংশটি বাদ দেওয়া হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।