মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সোনাইমুড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি থানাটি পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপারকে স্বাগত জানান। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি থানার বিভিন্ন শাখার কার্যক্রম, সংরক্ষিত রেজিস্টার ও নথিপত্র নিবিড়ভাবে পরিদর্শন করেন। পাশাপাশি থানার অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করে সংরক্ষিত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ যাচাই করেন।
পরিদর্শনকালে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদারভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
অপরাধ দমন কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করতে মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সোনাইমুড়ী থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।