নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর শান্তি, সমৃদ্ধি ও সফল নেতৃত্ব কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দনবার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের অংশীদারিত্ব গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এ ছাড়া তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও সফল দায়িত্ব পালনার পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
অ্যান্ডি বার্নহ্যাম সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।