মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালী সুপার মার্কেট ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে নোয়াখালী জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নোয়াখালী সুপার মার্কেটের পঞ্চম তলায় নোয়াখালী সুপার মার্কেট ও চেম্বার অব কমার্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ফিরুজ আলম মতিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ নিয়ন্ত্রণে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পুলিশি সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, মালিক সমিতি, বণিক সমিতি, হকার্স মার্কেটের ব্যবসায়ী, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের নিরাপত্তা, মার্কেট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।